মন খারাপ হওয়ার অনেকগুলো রকমফের আছে..আপনি চাইলেই নিজেকে সবসময় হাসিখুশি রাখতে পারবেন না.. আপনার নিয়ন্ত্রণে মন থাকবে না সেটাই স্বাভাবিক.. সে কখনো পাখি হয়ে আকাশে উড়ে বেড়াতে চাইবে আবার কখনো নদীর পানির স্রোতের সাথে তাল মিলাতে চাইবে আবার হয়তোবা কিছু না করে নিস্তব্ধ দুপুরের ঝাউ বনের মত নিশ্চুপ অলস হয়ে পরে থাকতে চাইবে.. যতই আপনি তাকে খোপের মধ্যে রাখতে চাইবেন সে ততই বেয়াড়া হয়ে দরজা খুলে বেরিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে.. ইন্টারেস্টিং ব্যাপার হল, এতকিছুর পরেও আমরা আমাদের মনকে আমি আসলে বলতে চাচ্ছি আমাদের আবেগ অনুভূতিকে কোনো এক অদ্ভুত জাদুকাঠির ইশারায় নিজের কাছে পোষ মানিয়ে রাখতে চাই.. শত কষ্ট পেলেও বুকের ভেতরের সেই আকুতিটা- ফুসফুস ছিদ্র করে শিরা উপশিরা বেয়ে চোখের নোনা জলে পরিণত হওয়ার যে দূরত্বটা এক মুহূর্তে পাড়ি দেওয়া সম্ভব তাকে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পথের মধ্যেই আটকে রাখি.. কষ্টটা দলা পেকে যায় কেমন জানি ভিতরে থেকে ফোঁস ফোঁস করে কিন্তু চোখের জলের মতন সরল হয়ে বেরিয়ে যায় না.. কাঁদতে চেয়েও কান্না না করতে পারার যন্ত্রণা যে কত ভয়ংকর সেটা শুধুমাত্র অনুভবই করা যায় কলমের কালি দিয়ে বা আঙুলের টিপ দিয়ে মোবাইল স্ক্রিনে লিখে বুঝানো যায় না..
চোখের ভাষা পড়ার মন্ত্রটা জানা থাকলে বোধহয় খুব ভালো হয়.. অনেকসময় এমন হয় খুব করে ইচ্ছে করে যেন সামনের জন জেনে যায় এই দিকের মানুষটার ভিতর দিয়ে কি বয়ে যাচ্ছে.. একটা টেলিপ্যাথি হত আর হুট করেই সকল কষ্ট - ভালোবাসা - আনন্দ - উল্লাস কোনো এক অদৃশ্য বোবা টানেলের মধ্য দিয়ে অন্য দিকে চলে যাবে.. চোখ থেকে বড় আর এরকম কোন মাধ্যম ই বা আছে এই মানবজাতির? চোখের ভাষা এতটাই শক্তিশালী যে মুখের কথা সেখানে অত্যন্ত নিম্ন মানের মনে হতে বাধ্য.. এবং আফসোসটা সেখানেই.. আশপাশের এত শব্দ কোলাহলের ভিতর নিস্তব্ধতার যে সেই অনুরণন, তার ইয়ত্তা কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব? নাকি সকল চিৎকার চেচামেচির আড়ালে লুকিয়ে অতলে হারিয়ে যাবে আপনার সেই অব্যক্ত প্রার্থনা; আপনার ভালোবাসার মানুষটাকে কখনোই না বলা আপনার সেই দলা পাকানো যন্ত্রণার শব্দময় অভিব্যক্তি?
আসুন সহজ ভাবে কষ্টকে স্বীকার করি.. আনন্দের অনুভূতি তো তাতেই স্বার্থক.. বৃষ্টি আসলে শুধু আকাশ মন ভার করে কান্না করে বলে মনে করবেন না, কখনো কখনো সেই কান্নাকেই আনন্দাশ্রু অনুধাবন করার সামর্থ্য রাখবেন.. জীবনটা তাহলে মেঘ সরিয়ে আলো ফুটার মতন প্রখর আর উজ্জ্বল হবে..